The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

নাসিরনগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক যুবক। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলার নাসিরনগর উপজেলার তিলপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম বিল্লাল খন্দকার (২২)। তিনি উপজেলা ইউসুফ মিয়ার ছেলে। বিল্লাল সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন বলে জানা গেছে। আহত যুবকের নাম তমাল। তিনি নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।

নিহতের পরিবার জানায়, রাতে তমালকে সঙ্গে নিয়ে বিল্লাল মোটরসাইকেলে তিলপাড়ায় যাচ্ছিলেন। তিলপাড়ার কাছাকাছি যাওয়ার পর তাদের মোটরসাইকেলটি একটি মোড় অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের জেলা সদর হাসপাতালে পাঠায়। জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর রাত পৌনে একটার দিকে বিল্লাল খন্দকারকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত তমালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আ. স. ম আতিকুর রহমান জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

Exit mobile version