The voice of Brahmanbaria || Local news means the world is

মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ প্রবাসীর মরদেহ উদ্ধার

আশুগঞ্জে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার দুইঘণ্টা পর এলেম খাঁ (৫০) নামে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আড়াইসিধা বাজার চারতলা এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত এলেম খাঁ বাজার চারতলা এলাকার রহিছ মিয়ার ছেলে। তিনি কিছুদিনর আগে সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মেঘনা নদী থেকে এলেম খাঁ ও মোক্তার মিয়া মাছ ধরার ছোট নৌকা নিয়ে মেঘনায় মাছ ধরতে যায়। কিছুক্ষণ পরেই নৌকাটি পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় মোক্তার মিয়া ও এলেম খাঁ দুজনেই সাঁতার কেটে তীরে ওঠার চেষ্টা করে। তবে মোক্তার মিয়া সাঁতার কেটে তীরে উঠলেও এলেম খাঁ পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি দল চেষ্টা চালিয়ে প্রায় দুই ঘণ্টা পরে এলেম খাঁর মরদেহ উদ্ধার করে।

আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, মেঘনা নদীতে একজন নিখোঁজ হওয়ার খবর শুনে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় নিখোঁজ এলেম খাঁর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়।

Exit mobile version