ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী মারকাজুল মাদানী তাওফিজুল কোরআন মাদ্রাসা থেকে গোপনে বেরিয়ে যাওয়া দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো—আরিয়ান সরকার (১৫)। সে বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের শাহিন সরকারের ছেলে। অপরজন ইনসাফুল ইসলাম (৯)। সে নবীনগর উপজেলার খারঘর (বরাই) গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
২নং ফাঁড়ি পুলিশ ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার পর মাদ্রাসা থেকে গোপনে বেরিয়ে যায় ওই দুই শিক্ষার্থী। মাদ্রাসার শিক্ষক ও পরিবারের সদস্যদের ওপর রাগ-অভিমান করে তারা চলে যায় বলে জানা গেছে।
পরে বিষয়টি জানার পর পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের সন্ধানে অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে ১০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে দুজনকেই খুঁজে বের করা সম্ভব হয়। পরে উপযুক্ত অভিভাবক অর্থাৎ তাদের মা-বাবার কাছে দুই শিক্ষার্থীকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
