The voice of Brahmanbaria || Local news means the world is

ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয়েছে সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলছেন, ‘অবৈধভাবে’ ভারতে যাওয়ার চেষ্টার সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে ফজলে করিম চৌধুরীকে আটক করা হয়। এব্যাপারে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

২৫ বিজিবি ব্যাটালিয়নের (সরাইল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মো. ইমতিয়াজ বলেন, ‘ফকিরমোড়া বিওপির টহলদল আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর এলাকা থেকে ফজলে করিম চৌধুরীসহ তিনজনকে আটক করে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।’

বিজিবি জানায়, এ সময় ফজলে করিম চৌধুরীর সঙ্গে থাকা আরও দুজনকে আটক করা হয়। তারা হলেন—আখাউড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী।

ফজলে করিম চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য ছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারা ফজলে করিম চৌধুরী। হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।গত ১৯ অগাস্ট ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজদৌল্লাহ। দুই বছর আগে অপহরণের পর মুক্তিপণ আদায় করে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ আনা হয় সেখানে।

Exit mobile version