The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় লুৎফা গেলেন বৃষ্টি হয়ে জেএসসি পরীক্ষা দিতে, অবশেষে আটক


ব্রাহ্মনবাড়ীয়ার আখাউড়ায় ভুয়া এডমিট কার্ডে জেএসসি পরীক্ষা দিতে গিয়ে লুৎফা আক্তার নামে এক ছাত্রী আটক হয়েছে । লুৎফা আক্তার আখাউড়া নাছরীন নবী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। বুধবার আখাউড়া শহীদ স্মৃতি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, পরীক্ষা কেন্দ্রের একটি কক্ষে নির্ধারিত পরীক্ষার্থীর চেয়ে একজন পরীক্ষার্থী বেশি হওয়ায় হল পরিদর্শক প্রবেশপত্র যাচাই করে দেখেন বৃষ্টি আক্তার নামে এক পরীক্ষার্থী এসেছে যে শুধুমাত্র গণিত বিষয়ের পরীক্ষার্থী। কিন্তু পরীক্ষা দিতে আসা ওই ছাত্রী দাবী করে সে সকল বিষয়ের পরীক্ষার্থী। এ নিয়ে জটিলতা দেখা দিলে হল পরিদর্শক তাকে আটক করে হল সুপারের কক্ষে নিয়ে যায়। পরে হল সুপারের ওই ছাত্রী স্বীকার করে তার প্রকৃত নাম লুৎফা আক্তার। বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বৃষ্টি আক্তার নামে পরীক্ষার ফরম পূরণ করেছে। বিদ্যালয় থেকেই তাকে এই প্রবেশপত্র দেয়া হয়েছে।

জানতে চাইলে কলেজ কেন্দ্রের হল সুপার মোঃ শাহ আলম বলেন, বৃষ্টি আক্তার নামের প্রবেশ পত্র নিয়ে আসা ছাত্রী প্রকৃত বৃষ্টি আক্তার নয়। প্রকৃত বৃষ্টি আক্তার মাত্র ১ বিষয়ের পরীক্ষা দিবে। লুৎফা উপজেলার মোগড়া ইউনিয়নের দূর্জয়নগর গ্রামের রঞ্জু মিয়ার মেয়ে। প্রায় ৪ ঘন্টা পর মুচলেকা দিয়ে অভিভাবকেরা তাকে ছাড়িয়ে নেয়।

লূৎফা আক্তার জানায়, সে নাছরীন নবী স্কুলে ৮ম শ্রেণীতে ভর্তি হয়ে স্কুলের বেতনসহ যাবতীয় ফি ব্যাংকে রশিদের মাধ্যমে প্রদান করেছে। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ তার প্রকৃত নামে রেজিষ্ট্রেশন এবং ফরম পূরণ না করে বৃষ্টি আক্তার নামে তার ফরম পূরণ হয়েছে বলে জানায়।

এ ব্যপারে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যপারে বিদ্যালয়ের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version