The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া-৩- আসনে বিএনপির মনোনয়ন চান আলহাজ্ব নূরে আলম ছিদ্দিকী

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হতে চান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম ছিদ্দিকী।

সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর প্রার্থীতা ঘোষনা করেন।

সংবাদ সম্মেলনে নূরে আলম ছিদ্দিকী বলেন, আমি আগামী ত্রয়োদশ জাতীয় ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। সে লক্ষ্যে কাজ করছি। তিনি বলেন, ছাত্র জীবনে ছাত্রদলের রাজনীতির মাধ্যমেই রাজনীতিতে আমার হাতে খড়ি। পর্যায়ক্রমে আমি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক, জেলা কৃষকদলের সদস্য সচিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বর্তমানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। ২০০৯ সালে অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই। প্রতিকুল পরিবেশে ২০১৪ সালে অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে সামান্য ভোটে পরাজয় বরণ করি।

সংবাদ সম্মেলনে নূরে আলম ছিদ্দিকী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে জেলাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি কৃষি ইন্সটিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করবো। একটি আধুনিক রেলওয়ে স্টেশন নির্মান ও জনগনের চাহিদা অনুযায়ী রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত সংখ্যক আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করবো। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হিমাগার নির্মাণ, তিতাস নদীর পূর্ব পাড়ে উপ-শহর গড়ে তুলতে কাজ করবো। শহরের মধ্য দিয়ে প্রবাহিত টাউন খালটি খনন করে পূর্বের মতো নৌ-চলাচলের ব্যবস্থা করবো। ব্রাহ্মণবাড়িয়া শহরে আর্ন্তজাতিকমানের হোটেল-মোটেল স্থাপনসহ বিনোদনের জন্য একটি নান্দনিক পার্ক নির্মাণ করবো।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে শুরু করে উপজেলার গ্রামীন এলাকা পর্যন্ত সালিশের মাধ্যমে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার সামাজিক কাঠামো ছিলো এখন তা আর নেই বললেই চলে। ফলে সমাজে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, টেন্ডারবাজি, চুরি, ছিনতাই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যার ফলশ্রুতিতে বড় বড় ঝগড়া বাঁধছে, আন্দোলনের নামে বিশৃংখলার সৃষ্টি করছে। আমি নির্বাচিত হলে আমার দুই উপজেলার সামাজিক ন্যায় বিচারের কাঠামো সুপ্রতিষ্ঠিত করবো। তিনি বলেন, আমি নির্বাচিত হতে পারলে বাংলাদেশ তিতাস গ্যাসের নামটি পুনরায় চালু করবো এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে উত্তোলিত তিতাস গ্যাস জেলার সর্বত্র দেয়ার ব্যবস্থা করবো।

সংবাদ সম্মেলনে নূরে আলম ছিদ্দিকী বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নীতি অনুযায়ি ‘হয় পদ না হয় এম.পি’ এই নীতির উপর আস্থা ও বিশ্বাস রেখে আমি দৃঢ়তার সাথে বলতে পারি আমার জন সম্পৃক্ততা ও দলীয় কর্মকান্ডে সন্তুষ্ট হয়ে আমাকে মনোনয়ন দেওয়া হবে। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট এম.এ. করিম, বিজয়নগর উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাসুদসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version