The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া-২ :: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী জিয়াউল হক মৃধা

মোহাম্মদ মাসুদ : নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল ও আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার দুটো ইউনিয়ন আসনে জাতীয় পার্টির প্রার্থী ও কেন্দ্রীয় জাপা নেতা সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। রোববার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।
প্রেসবিজ্ঞপ্তিতে তিনি বলেন, ৫ আগস্টের পর সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের স্বার্থে এবং প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাকে তিনটি মামলায় আসামী করে এলাকা থেকে বিতাড়িত করা হয় । যদিও কোনো ঘটনার সাথে তার সম্পৃক্ততা ছিলো না এমনকি ঐসময় তিনি সংসদ সদস্যও ছিলেন না। তিনি আরো উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে তাকে মনোনয়ন দেয়া হলে তিনি আইনি বাধ্যবাধকতার কারণে স্ব-শরীরে তিনি মনোনয়ন জমা দিতে পারেননি। তার পক্ষে জাতীয় পার্টির নেতাকর্মীরা মনোনয়ন জমা দেন। তিনি আরো বলেন, মনোনয়ন বৈধ ঘোষণা হলে তিনি ও তার সমর্থকরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলে বিভিন্ন মহল থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভয়ভীতি দেখানো সহ গ্রেফতারের হুমকি দেয়া হয়।
বর্তমানেও এটা চলমান আছে বলেও তিনি উল্লেখ করেন। যে কারণে তিনি অন্যান্য প্রার্থীদের মতো সম্পূর্ণ স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে প্রচারণা চালাতে পারছেন না। এরকম প্রতিকূল পরিবেশের কারণে তিনি দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সিদ্ধান্তক্রমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তিনি এই অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য ক্ষমা প্রার্থনা করে তার পাশে থাকার জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক, এলাকার ভোটার ও সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Exit mobile version