The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের সাবেক ইন্টার্ন চিকিৎসকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের সাবেক ইন্টার্ন চিকিৎসক পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) সিলেটে ভাড়া বাসা থেকে উদ্ধার হওয়ার পর মারা গেছেন। নতুন বাসায় ওঠার ২৪ ঘণ্টা পার না হতেই তার মৃত্যুর ঘটনায় পরিবার, সহকর্মী ও চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের সাবেক ইন্টার্ন চিকিৎসক ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তার বোন সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। রোববার সকালে তারা নতুন ওই বাসায় ওঠেন। পরদিন দুপুরে ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, পদ্মজিৎ দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তার অকাল মৃত্যুতে চিকিৎসক সমাজ, সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Exit mobile version