জিয়াদুল হক বাবু : ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার ও কারিগরি শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিজয়নগর উপজেলার ইসলামপুরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এসেট প্রকল্পের অর্থায়নে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অধ্যক্ষ মুহসিনুর রহমানের সভাপতিত্বে এবং নুর ফজলে রবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণ গ্রুপের এজিএম তাজবীদুল নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, যমুনা স্পিনিং লিমিটেডের এইচআর ম্যানেজার মাসুদ রানা, কানসাই নিরোলাকের প্লান্ট হেড প্রবীর কুমার দাস, চিফ ইন্সট্রাক্টর ড. উত্তম কুমার দেব নাথ, ম্যাটাডোর প্লাস্টিক অ্যান্ড রাবার ইন্ডাস্ট্রির ডেপুটি ম্যানেজার (এইচআর) মো. আনয়ারুল ইসলাম, প্রকৌশলী মারুফুর রহমান, রাজেশ পাল এবং প্রধান শিক্ষক ইমরান খানসহ অনেকে।
বক্তারা কারিগরি শিক্ষার গুরুত্ব, শিল্প–প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরেন। দিনব্যাপী এই জব ফেয়ারে দেশের মোট ১২টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। জব ফেয়ারে শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ পায় এবং কর্মসংস্থান বিষয়ে দিকনির্দেশনা লাভ করে।
