The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে সিরাজুল ইসলামের আকস্মিক পরিদর্শন, তিন দিনের প্রশিক্ষণে ১৫-২০ হাজার টাকা আদায়ের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ঘিরে দালালচক্রের দৌরাত্ম্য এবং প্রশিক্ষণের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের খোঁজ নিতে আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে তিনি টিটিসিতে গিয়ে বিদেশগামী প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রশিক্ষণ গ্রহণের জন্য তাঁদের কাছ থেকে কত টাকা নেওয়া হচ্ছে, কেউ নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দিয়েছেন কি না, তা জানতে চান।
পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীরা তাঁদের বিভিন্ন অভিযোগ ও ভোগান্তির কথা তুলে ধরেন। তাঁর আকস্মিক উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে কেন্দ্র এলাকায় থাকা কয়েকজন দালাল দ্রুত সরে পড়েন বলে জানা গেছে।
এ সময় সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে ঘিরে নানা অনিয়ম ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ পাচ্ছেন তিনি। বিশেষ করে মাত্র তিন দিনের প্রশিক্ষণ নিতে বিদেশগামী ব্যক্তিদের কাছ থেকে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
তিনি বলেন, বিদেশে যাওয়ার স্বপ্ন নিয়ে সাধারণ মানুষ অনেক কষ্টে অর্থ সংগ্রহ করেন। তাঁদের অসহায়ত্বকে পুঁজি করে প্রশিক্ষণের নামে অতিরিক্ত টাকা আদায় করা অত্যন্ত দুঃখজনক। সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ নিয়ে কোনো ধরনের দালালি, অনিয়ম কিংবা হয়রানি বরদাশত করা হবে না।
বিদেশগামী প্রশিক্ষণার্থী ও ভবিষ্যতে প্রশিক্ষণ নিতে আসা ব্যক্তিদের উদ্দেশে তিনি নিজের মোবাইল নম্বর দিয়ে বলেন, ‘আমি আমার মোবাইল নম্বর দিয়ে যাচ্ছি, এটি সবার জন্য উন্মুক্ত। প্রশিক্ষণ নিতে এসে কোনো দালাল যদি আপনাদের কাছে টাকা দাবি করে কিংবা নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা চায়, তাহলে সরাসরি আমাকে ফোন করবেন। আর কোনো কারণে যদি আমাকে ফোনে না পান, তাহলে সরাসরি আমার জেলা পরিষদ কার্যালয়ে চলে আসবেন। আপনাদের অভিযোগ শোনার জন্য আমার দরজা সবসময় খোলা।’
তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেন কোনোভাবেই দালালচক্রের হাতে জিম্মি না হন, তা নিশ্চিত করতে হবে। প্রশিক্ষণের নামে অতিরিক্ত অর্থ আদায় ও সাধারণ মানুষকে হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সিরাজুল ইসলামের এই আকস্মিক পরিদর্শনের মধ্য দিয়ে টিটিসির প্রশিক্ষণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা, দালালদের দৌরাত্ম্য বন্ধ এবং বিদেশগামী কর্মীদের হয়রানি রোধের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছেন প্রশিক্ষণার্থী ও স্থানীয় সচেতন মহল।
Exit mobile version