The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে অন্য ব্যক্তির জামিন ব্যবহার করে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীর পলায়ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে অন্য এক আসামির সাধারণ মামলার জামিননামা ব্যবহার করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির পলায়নের ঘটনা ঘটেছে। গত ২৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডেপুটি জেলারসহ মোট ৮ জন কারা কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নবীনগর থানার ফৌজদারি কার্য বিধি আইনের ১৫১ ধারায় গ্রেফতার হওয়া দিদার হোসেন নামের এক আসামির জামিনের কাগজ ব্যবহার করে আখাউড়া থানার হৃদয় নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কারাগার থেকে বেরিয়ে যায়। হৃদয় জেলার কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের মুজিবুর মিয়ার ছেলে। তিনি ২০১৮ সালের আখাউড়া থানার একটি হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি।
এদিক, বিষয়টি জানাজানি হলে দায়িত্বে অবহেলার জন্য ডেপুটি জেলারসহ মোট ৮ জন কারা কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন, সর্ব প্রধান কারারক্ষী শাহাদাত হোসেন, ডেপুটি জেলার মোঃ আজহারুল ইসলাম, কারারক্ষী মোরশেদ আলম, মোঃ হানিফ মিয়া, মোহাম্মদ জাহিদ হাসান, মোহাম্মদ আবু খায়ের, রবিউল আলম, শাহাব উদ্দিন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মোঃ ওবায়াদুর রহমান জানান, দ্বায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীদের দ্বায়িত্বে অবহেলার সুযোগ নিয়ে কৌশলে একজনের জামিনের কাগজ দিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী পালিয়ে গেছেন। ঘটনার সময়ে বিদ্যুৎ না থাকায় সিসিটিভির সহায়তাও নেয়া যাচ্ছে না। তারা পালিয়ে যাওয়া আসামীকে গ্রেফতারের চেষ্টা করছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার জানান, এ ঘটনায় চট্টগ্রামের কারা উপ-মহা পরিদর্শক মো: ছগির মিয়াকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বাকি দুই সদস্য হলেন, চাঁদপুরের জেলার এবং ফেণীর জেল সুপার ।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, পলাতক আসামী হৃদয়কে গ্রেফতারে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।
Exit mobile version