The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় সিলিন্ডারবাহী ট্রাক উল্টে বিস্ফোরণ-আগুন

কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পড়ে উল্টে গেছে। এ সময় ট্রাকে থাকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। পরে ট্রাকটিতে আগুন লেগে যায়।

বুধবার (০৪ জুন) ভোর ৪টায় বিরাসার এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে এলপি গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বর্ডার বাজারের দিকে আসছিল। বর্ডার বাজার পৌঁছার এক কিলোমিটার আগে বিরাসার গ্যাসফিল্ড এলাকায় বাইপাস সড়কের খানাখন্দে ভরা সড়কে সিলিন্ডারবাহী ট্রাকটি উল্টে যানজটে আটকে পড়া একটি প্রাইভেট কারের ওপর ছিটকে পড়ে। এক পর্যায়ে ট্রাক ও প্রাইভেট কারে আগুন ধরে যায়। পরে বিকট শব্দে একটার পর একটা সিলিন্ডার বিস্ফোরিত হতে থাকে। এসময় আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বাইপাস সড়কে সবধরণে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের ২ পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ সময় ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে বিকল্প পথে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়ক দিয়ে যান চলাচল করে।

ঘটনাস্থলের বাসিন্দা অ্যাডভোকেট লোকমান হোসেন জানান, বিকট শব্দে ঘুম ভেঙে গেলে দেখি রাস্তায় আগুন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেই। রাস্তার নাজুক অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস জানান, ট্রাকটি খাদে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। এতে গ্যাস সিলিন্ডারের অসংখ্য বোতল থাকায় বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হয়নি। কী পরিমাণ গ্যাসের সিলিন্ডার বহন করা হচ্ছিল তার হিসাব করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ শহরের ভেতর দিয়ে বিকল্পপথে যানবাহন চলাচলের ব্যবস্থা করে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত সড়কটিতে উদ্ধার কাজ চলছিল বলে তিনি জানান।

Exit mobile version