ব্রাহ্মণবাড়িয়ার জগৎবাজারে প্রদর্শিত পরিমাণের চেয়ে কম তেল বিক্রির অভিযোগে এক তেল ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে একই অপরাধে তাকে অর্থদণ্ড দিয়ে সতর্ক করা হলেও তিনি পুনরায় একই অনিয়ম করায় এ দণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে জগৎবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে হাজী শেখ আবুল হোসেন প্রতিষ্ঠানের দায়িত্বরত ব্যক্তি শেখ জনীকে দণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১ জুন ২০২৬ তারিখে প্রদর্শিত পরিমাণের চেয়ে কম তেল বিক্রির দায়ে একই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছিল। পাশাপাশি এ ধরনের তেল বিক্রি বন্ধে তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।
কিন্তু মঙ্গলবার পুনরায় অভিযান চালিয়ে তার প্রতিষ্ঠানে একই ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরিমাপ করে দেখা যায়, প্রতি লিটার তেলে প্রায় ৫০ থেকে ১০০ মিলিলিটার পর্যন্ত ঘাটতি রয়েছে।
পূর্বে দণ্ডিত ও সতর্ক করার পরও একই অপরাধ পুনরায় করায় কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(জ) ধারায় শেখ জনীকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা আবু বকর প্রসিকিউশন প্রদান করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, সঠিক ওজন ও পরিমাপে পণ্য বিক্রি নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
