ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে অভিযান চালিয়ে ২৪শ ফুট অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ ও ৩০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে পাঁচজনকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সুহিলপুরের আনসারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারের নেতৃত্বে অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা অংশ নেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপব্যবস্থাপক (বিক্রয়) মো. শফিকুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুহিলপুরের আনসারপাড়া এলাকায় বেশ কিছু অবৈধ গ্যাস সংযোগের তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ২৪শ ফুট অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ এবং ৩০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিনি বলেন, অবৈধভাবে রাষ্ট্রীয় গ্যাস ব্যবহারের দায়ে পাঁচজনকে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর বিভিন্ন ধারায় মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
