The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় হামের লক্ষণ নিয়ে ৫১ জন হাসপাতালে ভর্তি, শনাক্ত ৭

ব্রাহ্মণবাড়িয়ায় হামের লক্ষণ নিয়ে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১ জন বিভিন্ন বয়সের শিশু ভর্তি হয়েছেন। এর মধ্যে সাতজন রোগীর হাম শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।
শনিবার (৪ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ২৭ জন শিশু রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশু নতুন করে ভর্তি হয়েছে। হাম সংক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে আলাদা করে আইসোলেশন সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে রোগীদের আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ দিকে হাসপাতাল ঘুরে দেখা গেছে, আইসোলেশন ওয়ার্ডে ২৭ রোগীর বিপরীতে আসন সংখ্যা ১০টি। ফলে বেশিরভাগ রোগীই মেঝেতে থেকে চিকিৎসা সেবা নিচ্ছে। তাদের অভিযোগ গরমে মেঝেতে চিকিৎসা নিতে তাদের অনেক কষ্ট হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের কাছ থেকে রোগ নির্ণয় করার জন্য নমুনা সংগ্রহ করে সেই নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে। নমুনার রিপোর্ট হাতে পেলে জানা যাবে হাম কি না। হাম লক্ষণ নিয়ে ভর্তি হওয়া রোগীদের ভিটামিন এ ক্যাপসুল এবং পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া শিশুরোগ বিশেষজ্ঞরা রোগের ধরন দেখে নিয়মিত চিকিৎসা পরামর্শ দিচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আক্তার হোসেন জানান, হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ২৭ জন রোগী ভর্তি হয়েছে। তাদের জন্য আলাদা আইসোলেশন সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
Exit mobile version