The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া শহরের ছয়বাড়িয়া এলাকায় বিষধর সাপের কামড়ে বাবুনি (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ঘটনাটি ঘটেছে শনিবার (৪ জুলাই) দুপুরে।
নিহত বাবুনি সোহাগ মিয়ার মেয়ে। তাদের গ্রামের বাড়ি নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামে হলেও বর্তমানে পরিবারটি শহরের ছয়বাড়িয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল।
স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া জানান, শনিবার দুপুরে বাবুনি ঘরের ভেতরে খেলছিল। এ সময় একটি বিষধর সাপ তার বাম হাতে ছোবল দেয়। ঘটনার পরপরই শিশুটিকে হাসপাতালে না নিয়ে প্রথমে একজন ওঝাকে ডাকা হয়। তবে শিশুটির অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পরে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার (৫ জুলাই) দুপুরে শিশুটির দাফন সম্পন্ন হয়।
এদিকে, রোববার (৫ জুলাই) সকালে শিশুটির পরিবারের সদস্যরা কুমিল্লা থেকে আরেকজন ওঝাকে নিয়ে আসেন। পরে তিনি বাড়ির ভেতর থেকে তিনটি বিষধর সাপ উদ্ধার করে নিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
চিকিৎসকদের ভাষ্য, সাপের কামড়ের পর দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রয়োগ করা হলে শিশুটিকে বাঁচানোর সম্ভাবনা ছিল। কিন্তু প্রথমে ওঝার শরণাপন্ন হওয়ায় চিকিৎসা শুরু করতে বিলম্ব হয়, যা প্রাণহানির অন্যতম কারণ হতে পারে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বিষধর সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় থানায় এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ বা তথ্য দেয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
নিষ্পাপ শিশু বাবুনির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। একই সঙ্গে সাপের কামড়ের মতো জরুরি পরিস্থিতিতে কুসংস্কারের পরিবর্তে দ্রুত হাসপাতালে নেওয়ার বিষয়ে সচেতনতার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন স্থানীয়রা।
Exit mobile version