The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ মোবারক হোসাইন বলেছেন, সাংবাদিক ভাইয়েরাই জাতির বিবেক। অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেন, সত্যকে সাহসিকতার সাথে জাতির সামনে তুলে ধরেন। জীবনের ঝুঁকি নিয়েও সমাজ ও রাষ্ট্রের অসঙ্গতি উন্মোচন করেন।
তিনি মঙ্গলবার বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এতে শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন।
এ সময় মাওলানা মোবারক হোসাইন আরো বলেন, পবিত্র রমাদান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তায়ালা মানবজাতির হেদায়েতের জন্য এ মাসেই পবিত্র কোরআন নাজিল করেছেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোরআনের আলোকে নিজেদের জীবন গঠন করবেন, ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন। সমাজে নৈতিকতা, মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।
তিনি বলেন, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক সমাজের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাই একটি দায়িত্বশীল গণমাধ্যম জাতিকে সঠিক দিক-নির্দেশনা দেয়, সঠিক নেতৃত্ব ও জনমত গড়ে তুলতে কাজ করে। অন্যদিকে অপসংস্কৃতি ও বিভ্রান্তি থেকে মানুষকে সতর্ক রাখে। তিনি সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুহা. আমিনুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মোঃ আরজু, সিনিয়র সাংবাদিক মনজুরুল আলম, মোঃ সাদেকুর রহমান, শেখ শহিদুল ইসলাম, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সিনিয়র সাংবাদিক অধ্যাপক এমদাদুল হক, সাবেক সহ-সভাপতি নিয়াজ মোঃ খান বিটু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন প্রমুখ। পরে দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে জেলা জামায়োতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, এইচআরডি সম্পাদক রাজিফুল হাসান বাপ্পি, সমাজসেবা সম্পাদক মাওলানা আবুল বাশার ভুইয়া, অফিস সম্পাদক অ্যাড. মনিরুজ্জামান এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মো. রোকন উদ্দিন, ন্যাশনাল ডক্টর ফোরাম, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ও পৌর মেয়র প্রার্থী ডা. এম এ হানিফ এবং সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডা. ফরিদ উদ্দিন আহমেদ।
ইফতার মাহফিলে প্রেসক্লাবের কার্যকরি কমিটির নেতৃবৃন্দ, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
Exit mobile version