ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অনুমোদিত মাত্রার বেশি শব্দ উৎপন্ন করায় তিনটি পরিবহনকে জরিমানা করা হয়েছে। তিনটি মামলায় মোট ৬০০ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ছয়টি হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) কুমিল্লা-সিলেট মহাসড়কে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে শব্দদূষণ সৃষ্টির দায়ে তিনটি পরিবহনের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। এসব মামলায় মোট ৬০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এ সময় গাড়িগুলো থেকে ছয়টি হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়। পাশাপাশি প্রায় ১০টি বাস, ট্রাক ও অটোরিকশায় শব্দদূষণ নিয়ন্ত্রণসংক্রান্ত সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন মো. শরীফুল ইসলাম। পরিবেশ অধিদপ্তরের পক্ষে প্রসিকিউশন পরিচালনা করেন পরিদর্শক মো. রাখিবুল হাসান। এ সময় বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
