The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় মহালয়ায় মন্দিরে মন্দিরে দেবী দুর্গার আবাহন

মহালয়া মানেই দেবীপক্ষের সূচনা। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এর মধ্যে দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। ব্রাহ্মণবাড়িয়ায় ৫ শতাধিক মন্দিরে ভোর থেকেই চলছে মহিষাসুর মর্দিনী। দুর্গা মন্দিরগুলোতে নানা আয়োজনে পালিত হয়েছে মহালয়া। এতে ছিল চণ্ডীপাঠ, ধর্মীয় গান আর মহিষাসুর বধের পরিবেশনা। এই অনুষ্ঠান দেখতে ভোর থেকে ভিড় করেন শিশু থেকে প্রবীণরা।

মহালয়া দেখতে আসা দর্শকরা জানান, শিউলি ফুলের সুবাস, ভোরের কুয়াশা আর সুর— সবকিছু মিলিয়ে মহালয়া যেন এক বিশেষ অনুভূতি। প্রবীণরা স্মৃতিচারণ করে বলেন, ছোটবেলায় মহালয়া মানেই ছিল ভোরে সবাই মিলে রেডিওর সামনে বসে ‘মহিষাসুর মর্দিনী’ শোনা। সেই সঙ্গে উঠোনে পড়ে থাকা শিউলি কুড়িয়ে পুষ্পাঞ্জলি প্রস্তুত করা।

পূজার উদ্যোক্তারা জানান, মহালয়াকে ঘিরেই দুর্গোৎসবের মূল আমেজ তৈরি হয়। এদিনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দেবী দুর্গাকে স্বাগত জানানোর পালা। পূজামণ্ডপে প্রতিমা নির্মাণের কাজও শেষ পর্যায়ে, চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা।

Exit mobile version