The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার মহাঅষ্টমীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের কালাইশ্রীপাড়া গুরুচরণ রায়ের আখড়ায় টাউন সার্বজনীন দুর্গাপূজা কমিটির আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়। এতে ১০ বছর বয়সী ঈশিতা চক্রবর্তীকে কুমারী রূপে পূজা করা হয়।
কুমারী পূজা উপলক্ষে দুপুরের পর থেকেই পূজামণ্ডপে ভক্তদের সমাগম বাড়তে থাকে। শাস্ত্রীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমারী কন্যার মধ্যে দেবী দুর্গার প্রতীকী রূপ কল্পনা করে পূজা-অর্চনা করেন ভক্তরা।
পূজামণ্ডপে উপস্থিত গায়ত্রী সাহা, রাকেশ রায় ও সঞ্জয় সাহা জানান, দেবী দুর্গার একটি রূপ হচ্ছে কুমারী। তাঁরা কুমারী মায়ের কাছে পরিবারের সদস্যসহ সবার মঙ্গল কামনা করেন। একই সঙ্গে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রার্থনা জানান।
টাউন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের পুরোহিত প্রসেঞ্জিৎ চক্রবর্তী বলেন, শাস্ত্রীয় উপাখ্যান অনুযায়ী, কোলাসুর নামের এক অসুর স্বর্গ ও মর্ত্য অধিকার করলে দেবতারা মহাকালীর শরণাপন্ন হন। দেবতাদের আবেদনে সাড়া দিয়ে দেবী মানবকন্যারূপে আবির্ভূত হয়ে কুমারী অবস্থায় কোলাসুরকে বধ করেন। সেই উপাখ্যানকে কেন্দ্র করেই কুমারী পূজার প্রচলন হয়েছে বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে।
এর আগে সকালে মণ্ডপে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। এ সময় ১০৮টি প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে পূজার বিশেষ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
Exit mobile version