নিজস্ব প্রতিবেদক : বদলিজনিত কারণে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়াকে বিদায়ী সম্মাননা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিটিজেএ)।
এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অবস্থিত বিটিজেএর কার্যালয়ের মিলনায়তনে চা-চক্র ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল আমিন শাহিন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিটিজেএর সহসভাপতি জালাল উদ্দিন রুমি, এটিএন নিউজের ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য্য, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আশিকুল ইসলাম, এনটিভির নিজস্ব প্রতিবেদক শিহাব উদ্দিন বিপু, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম শাহজাদা, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী, বিটিজেএর অর্থ সম্পাদক আজিজুর রহমান পায়েল, আইসিটি সম্পাদক মনিরুজ্জামান পলাশ, কার্যকরী সদস্য আশেক মান্নান হিমেল ও মেহেদী নূর পরশ, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান পারভেজ, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি রিফাত আন নাবিল, মাই টিভির জেলা প্রতিনিধি নুরুল আরাফাত এবং নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল হাসনাত রাফিসহ সংগঠনের সদস্যরা।
বক্তারা বিদায়ী ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়ার প্রশাসনিক দক্ষতা, জনবান্ধব কর্মকাণ্ড এবং সামাজিক উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করেন। তারা ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে তার বিভিন্ন উদ্যোগের স্মৃতিচারণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া বলেন, বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত অবস্থায় তিনি জনকল্যাণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক দায়িত্ব পালন এবং সামাজিক উন্নয়নে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে তিনি বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করলে স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা অত্যন্ত মেধাবী ও সৃজনশীল। দীর্ঘদিন এ জেলায় কাজ করার সুবাদে তাদের পেশাদারিত্ব খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আমি যেখানেই থাকি না কেন, ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সঙ্গে আমার সুসম্পর্ক ও যোগাযোগ সবসময় স্মরণীয় হয়ে থাকবে।”
অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনওর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
