The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।
জেলা মৎস্য বিভাগের উদ্যোগে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণসহ মৎস্য খাতের উন্নয়ন, আধুনিক মাছ চাষ, মৎস্যসম্পদ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি রয়েছে।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৎস্যজীবী, মাছচাষি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ ও সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক মাছ চাষের প্রসারে মৎস্যসম্পদের সঠিক ব্যবস্থাপনা, জলাশয় সংরক্ষণ এবং পরিবেশবান্ধব চাষাবাদের ওপর গুরুত্ব দিতে হবে।
বক্তারা আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা, অবৈধ জাল ও ক্ষতিকর উপায়ে মাছ শিকার বন্ধ করা এবং জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও উন্নত চাষ পদ্ধতি কাজে লাগিয়ে মাছের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিন দিনব্যাপী এ কর্মসূচিতে মৎস্য খাতের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিতে এর অবদান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ার মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে।
Exit mobile version