The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ফোরলেনের কাজের সময় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরে গ্যাস সরবরাহ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় চার লেন মহাসড়ক প্রকল্পের কাজ করার সময় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহ সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে জেলা শহরে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এতে করে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার গ্রাহক।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, বিকেল ৪টার দিকে চার লেন প্রকল্পের কাজ করার সময় সদর উপজেলার উলচাপাড়া এলাকায় সড়কের নিচে থাকা গ্যাস সরবরাহের ছয় ইঞ্চি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে করে গ্যাস লিকেজ হতে থাকে। দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, বাখরাবাদের কারিগরি দল ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতে কাজ শুরু করেছে। ৪-৫ ঘণ্টার মধ্যে মেরামত কাজ শেষ করে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

তবে রাত পর্যন্ত অনেক এলাকায় গ্যাস সরবরাহ না ফেরায় নাগরিকদের মধ্যে বিরক্তি দেখা দেয়। শহরের কাউতলী রোড, টেংকেরপাড়, মেড্ডা, ফুলবাড়িয়া, দক্ষিণ মৌড়াইলসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা গ্যাস না থাকার অভিযোগ করেন।

Exit mobile version