ব্রাহ্মণবাড়িয়া সদর থানার একটি অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তার হেফাজত থেকে এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার ১নং আসামি মোহাম্মদ সাকিব (২৩)কে গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার বুধল এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া কিশোরী (১৪) স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
মামলার তথ্য অনুযায়ী, এর আগে কিশোরী অপহরণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয় এবং পরবর্তীতে তাকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়। তবে পরবর্তীতে পুনরায় তাকে অপহরণের অভিযোগ ওঠে।
অভিযোগে বলা হয়, গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা এলাকায় কিশোরীকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুনরায় মামলা করা হয়।
তদন্তকারী কর্মকর্তা মুমিনুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ এপ্রিল রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার একটি এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
