The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় পলিথিনবিরোধী প্রচারণা, ব্যবসায়ীদের সতর্ক করলেন জেলা পরিষদ প্রশাসক

পরিবেশ রক্ষা ও পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পলিথিনবিরোধী সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার সকালে শহরের জগৎ বাজারে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে জেলা পরিষদের প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ ব্যবসায়ী ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
সিরাজুল ইসলাম সিরাজ বলেন, পলিথিনের নির্বিচার ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি। সাধারণ মানুষ সচেতন হয়ে পলিথিনের ব্যবহার বন্ধ করলে এবং ব্যবসায়ীরা পলিথিন কেনা, বিক্রি ও সরবরাহ বন্ধ করলে এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। এ জন্য তিনি পাট, কাপড় ও কাগজের তৈরি পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।
ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, “আজকে আমরা সতর্কবার্তা দিয়ে যাচ্ছি। আগামীতে কোনো দোকানদার পলিথিন ব্যবহার, বিক্রি বা মজুত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
কর্মসূচিতে সামাজিক সংগঠন ঢেউ, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া ও নোঙরের নেতৃবৃন্দ এবং সদস্যরা অংশ নেন। তারা বাজারের বিভিন্ন দোকানে গিয়ে লিফলেট বিতরণের পাশাপাশি ব্যবসায়ী ও ক্রেতাদের পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করেন।
বিতরণ করা লিফলেটে বলা হয়, পলিথিন মাটির উর্বরতা নষ্ট করে, ড্রেন ও নালা বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করে এবং নদী-খাল দূষিত করে। একই সঙ্গে এটি জলজ প্রাণীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। পলিথিন পোড়ানোর ফলে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করে।
এ সময় ব্যবসায়ীরা পরিবেশবান্ধব উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন এবং পলিথিনবিরোধী সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
Exit mobile version