The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় জুয়েল (২৮) নামে ১১ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদক মামলায় দুই বছরের কারাদণ্ডের সাজা পরোয়ানা রয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে শহরের কুমারশীল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়েল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সীতানগর গ্রামের সাকিলের ছেলে।
পুলিশ জানায়, জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতির তিনটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি, অস্ত্র আইনে একটি এবং মারামারির একটি মামলা রয়েছে। এছাড়া একটি মাদক মামলায় তাঁর দুই বছরের সাজা পরোয়ানা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, সদর উপজেলার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুই বছরের সাজা পরোয়ানা সহ মোট ১১টি মামলা রয়েছে। শনিবার (৩১ অক্টোবর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ওসি আরও বলেন, সদর উপজেলা ও শহর এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Exit mobile version