The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের বিরোধের জেরে গুলি, আহত ৩

অস্ত্র হাতে একজন। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায়
অস্ত্র হাতে একজন। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায়ছবি: সিসিটিভ ফুটেজ থেকে নেওয়া

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের বিরোধের জেরে প্রকাশ্যে গুলির ঘটনায় তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে শহরের কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন কান্দিপাড়ার টুটুল মিয়া (৪৬), মো. শিহাব উদ্দিন ওরফে সোয়েব (২৭) ও মো. সানজু (২২)।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে কান্দিপাড়ার মাদ্রাসার রোডে পপুলার প্রেসের সামনে দাঁড়িয়ে টুটুল মিয়াসহ কয়েকজন চা পান করছিলেন। এ সময় একদল লোক এসে গুলি ছোড়ে। এতে টুটুল, শিহাব ও সানজু ছররা গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

আহত টুটুল মিয়া বলেন, ‘বিভিন্ন সময়ে সাকিলের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় সে এ কাণ্ড ঘটিয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নূর ইবনে বিন সিফাত জানান, একজনের পায়ে ২০-২৫টির মতো রাবার বুলেট রয়েছে। তবে আহত ব্যক্তিরা শঙ্কামুক্ত। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি বের করার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন পড়তে পারে।

অভিযুক্ত সাকিল সিকদার কান্দিপাড়ার বাসিন্দা ও সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কাউকে গুলি করিনি। তারা নিজেরা গুলি করে আমার বিরুদ্ধে বলছে এখন।’

স্থানীয় সূত্র জানায়, গুলিবিদ্ধ টুটুল ও শিহাব জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেনের (দিলীপ) পক্ষের লোক। এ বিষয়ে জানতে চাইলে দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সাকিলসহ কয়েকজন গুলি করেছে তিনি বলে শুনেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, এলাকায় সাকিল ও দিলীপের পক্ষের মধ্যে বিরোধ চলছে। আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। তবে কেউ গুলিবিদ্ধ হয়েছেন কি না, তা তিনি জানেন না। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Exit mobile version