ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মারামারি দেখতে গিয়ে হামলার শিকার হয়ে মো. সোহাগ মিয়া (৩২) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর পাঁচদোনা এলাকায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বজনেরা ছুরিকাঘাতে হত্যার অভিযোগ করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মঈন বাজারের পূর্ব পাশে বেপারহাটি এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোবারক ও হানিফ নামে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার দুপুরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় সোহাগ মিয়া সেখানে মারামারি দেখতে গেলে হানিফ পক্ষের লোকজন তাঁকে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে।
পরে বিকেল সাড়ে ৬টার দিকে হানিফ পক্ষের লোকজনই তাঁকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে ভর্তির সময় তাঁর প্রকৃত পরিচয় গোপন করে আব্দুল নাম ব্যবহার করা হয় বলে হাসপাতালের ভর্তি টিকিটে উল্লেখ রয়েছে। সেখানে তাঁর বয়স ৩৫ বছর এবং বাবার নাম জিন্নাত আলী লেখা হয়। তবে নিহতের প্রকৃত নাম সোহাগ মিয়া এবং বাবার নাম এলেম বলে জানা গেছে।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে নরসিংদীর পাঁচদোনা এলাকায় তাঁর মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাই রাকিব জানান, তাঁর ভাই সোহাগ চিটাগং গার্মেন্টসে চাকরি করতেন। তিন-চার দিন আগে অন্য একটি প্রতিষ্ঠানে চাকরির জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। তাঁর ভাই মাদক ব্যবসা কিংবা কোনো ধরনের মারামারির সঙ্গে জড়িত ছিলেন না। হানিফ তাঁর ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আধিপত্য বিস্তার নাকি মাদক ব্যবসা-সংক্রান্ত বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
