The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার থলিয়ারা গ্রামে দোকানে জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।

রোববার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সংঘর্ষ চলছে। সংঘর্ষের পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যে কাজ করছে সদর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের মিন্দার আলী (ছোট গোষ্ঠী) গোষ্টীর জুবায়েরের সাথে বাদৈর বাড়ি (বড় গোষ্ঠীর) জয়নাল মিয়ার একটি দোকানের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। দোকানটি ছোট গোষ্ঠীর শিরো মিয়া পরিচালনা করে আসছিল।

পরে স্থানীয় গ্রাম্য সালিশে গত চারদিন আগে দোকানটি উচ্ছেদের জন্য সিদ্ধান্ত হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে রোববার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টেঁটা, বল্লম আর দেশীয় অস্ত্রশস্ত্রের মহড়ায় এবং ইট পাটকেল ছোড়াছুড়িতে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে টেঁটা বিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২০ জন লোক আহত হয়।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Exit mobile version