The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে অভিযান, জব্দ ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০টি চায়না দুয়ারী

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৫০টি চায়না দুয়ারী বা রিং জাল জব্দ করেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা এসব জাল শহরের আনন্দবাজার ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জেলা সদরের আনন্দবাজার ঘাট থেকে শুরু হয়ে অভিযান চলে ভাদুঘর এলাকা পর্যন্ত। অভিযান চলাকালে তিতাস নদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ চায়না দুয়ারী বা রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পাশাপাশি নদীর তীরবর্তী জেলেপল্লিতে গিয়ে জেলেদের অবৈধ জাল ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়। নদীর জীববৈচিত্র্য ও মাছের প্রজনন রক্ষায় এ ধরনের জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য সোহেল রানা ভূঁইয়া এবং সদর থানার এসআই ফারুকের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
Exit mobile version