ব্রাহ্মণবাড়িয়ায় নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে সদর উপজেলার হাবলাউচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয়ে তরী বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করে গাছ লাগানো ও পরিচর্যার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন তরী বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শামীম আহমেদ, কেন্দ্রীয় সদস্য নাজমুল খান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সীমা পোদ্দার, সিনিয়র শিক্ষক মোশাররফ হোসেন, তরী বাংলাদেশ সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জুবাইদুর রহমান মেহেদী, মো. ইলিয়াছ চৌধুরী ও সমাজসেবক আব্দুর রহমান লিটন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তরী বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার সদস্য সচিব নোমান আহমেদ।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
প্রধান শিক্ষক মমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ ও চারা বিতরণের মতো কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচিতে তরী বাংলাদেশের সদর উপজেলা শাখার আহ্বায়ক মোবারক আলম ভূঁইয়া, সদস্য ওমর ফারুক হৃদয়সহ সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা
উপস্থিত ছিলেন।
তরী বাংলাদেশের নেতৃবৃন্দ জানান, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও বৃক্ষরোপণ, চারা বিতরণ, নদী-জলাশয় রক্ষা ও পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।
