The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।
আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে শহীদ হোসাইনের মা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমার ছেলের হত্যার বিচার এখনও পাইনি। দেশের জন্য আমার ছেলে জীবন দিয়েছে। আমি শুধু ন্যায়বিচার চাই।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, শহীদ পরিবারের পাশে সরকার রয়েছে এবং আহতদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোবারক হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়ার হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা এনসিপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুল হক চৌধুরী, জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা নিয়াজুল করীম।
এছাড়া জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
Exit mobile version