The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় উল্টোরথ যাত্রায় ভক্তদের ঢল

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টোরথ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের বিভিন্ন সড়কে রথ টানতে হাজারো ভক্ত-পুণ্যার্থীর ঢল নামে।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রীয় মন্দির শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি থেকে উল্টোরথের শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যপাড়া ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়।
উল্টোরথ যাত্রাকে কেন্দ্র করে দুপুর থেকেই কয়েক হাজার ভক্ত-পুণ্যার্থী আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণে জড়ো হন। সেখানে উল্টোরথ যাত্রার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি ট্যাংকেরপাড়, কুমারশীল মোড়, পুরাতন কোর্ট রোড, মঠের গোড়া, টিএ রোড, কালীবাড়ি মোড়, বণিকপাড়া, সরকারপাড়া ও দক্ষিণ পৈরতলা হয়ে মধ্যপাড়া ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়।
অন্যদিকে, বিকেল সাড়ে ৪টার দিকে শহরের কালভৈরব মন্দির থেকেও আরেকটি উল্টোরথ শোভাযাত্রা বের হয়। সেটিও শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালভৈরব মন্দিরে ফিরে আসে। এর মধ্য দিয়ে সপ্তাহব্যাপী রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
পুরোহিত অচিন্ত্য চক্রবর্তী জানান, সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রথযাত্রায় শ্রীশ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবী মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে এক সপ্তাহ অবস্থান করেন। উল্টোরথের মাধ্যমে তাঁরা আবার নিজ মন্দিরে ফিরে আসেন।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথের দড়ি স্পর্শ বা টানলে পাপ-তাপ, রোগ-শোক থেকে মুক্তি এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। এ বিশ্বাস থেকেই প্রতিবছর অসংখ্য ভক্ত রথযাত্রা ও উল্টোরথে অংশ নেন।
Exit mobile version