The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ ২ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির তিন নেতাকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুলসহ দু’জনকে আসামি করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বাদী হয়ে সদর থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

অভিযুক্ত মফিজুর রহমান বাবুল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। মামলায় তার পিয়ন সাদ্দাম হোসেনকেও (৩৭) আসামি করা হয়েছে।

মামলার বাদী আতাউল্লাহ বিজয়নগর উপজেলার সিঙ্গার বিল গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাংগঠনিক কাজে গত রোববার জেলার নাসিরনগর উপজেলায় যান আতাউল্লাহ। সেখানে গিয়ে জানতে পারেন যে নাসিরনগর উপজেলা সংগঠক আসাদুজ্জামান খোকনকে একটি মামলায় গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠায় পুলিশ। তখন জাতীয় নাগরিক কমিটির জেলা পর্যায়ের সংগঠক ও মামলার এক নম্বর সাক্ষী জিহান মাহমুদ এবং দুই নম্বর সাক্ষী ও সদর উপজেলার সংগঠক হাসান নাসিমুল আদালতের কাজ শেষ করেন।

ওই সময় আতাউল্লাহর পূর্ব পরিচিত ফয়েজ মিয়া পরিচয় করিয়ে দিবে বলে তাদেরকে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের রুমে নিয়ে যান। নাগরিক কমিটির নেতা পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে মফিজুর রহমানের প্ররোচনায় এবং হুকুমে বাতি ও দরজা বন্ধ করে তাদেরকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়। তখন অজ্ঞাতনামা আসামিরা মারধর করে তাদের টাকা-পয়সা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ সুপার, সেনাবাহিনী এবং তাদের কিছু সহযোদ্ধা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, নাগরিক কমিটির নেতা বাদী হয়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও আরেকজনের নামসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে মামলা দিয়েছেন।

Exit mobile version