The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান, ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

বুধবার (৩০ জুলাই) দুপুরে জেলা শহরের ভাদুঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকার সুযোগে অসাধু চক্র জেলা শহরের বিভিন্ন স্থানে বৈধ পাইপলাইন থেকে অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে নিয়মিত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চালায় বাখরাবাদ কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে ভাদুঘরের এলেমপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে৷ এসময় গ্যাসের পাইপও উচ্ছেদ করা হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম জানান, অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করার কিছুদিনের মধ্যে আবারও অসাধু চক্রটি নতুন করে অবৈধ সংযোগ দেয়। এর ফলে সম্পূর্ণভাবে অবৈধ সংযোগ বন্ধ করা যাচ্ছে না। তবে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চলতেই থাকবে বলে জানান তিনি।

Exit mobile version