The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনবিহীন ভবন নির্মাণ, ১০ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনবিহীন বহুতল বিশিষ্ট ভবন নির্মাণের দায়ে দুই ভবন মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কালাইশ্রীপাড়া ও লোকনাথ উদ্যানের (ট্যাংকের পাড়) এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ছয় তলার বেশি বহুতল ইমারত নির্মাণ করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে পৌর এলাকার কালাইশ্রীপাড়া ও ট্যাংকেরপাড় দুইটি ইমারতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায় কালাইশ্রীপাড়া এলাকায় ১টি ইমারত ছয় তলার অনুমতি নিয়ে ৭ তলার উপরে ইমারত নির্মাণ করছে ও ট্যাংকেরপাড় ইমারত মালিক কোন অনুমতি না নিয়েই ইমারত নির্মাণ করছে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইমারত নির্মাণ বিধিমালা বিভিন্ন ধারায় ২ ইমারত মালিককে ৫ লাখ টাকা করে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরও বলেন, অনুমোদনবিহীন ভবন নির্মাণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ও সদর মডেল থানার পুলিশ উপস্থিত ছিল।

Exit mobile version