ব্রাহ্মণবাড়িয়ায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের পুরাতন জেলখানা রোড এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে জেলা শহরের পুরাতন জেলখানা রোড এলাকায় এলপিজি গ্যাস বিক্রির সাব-ডিলার নূর এলপিজি দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, নূর এলপিজি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চাইতে বেশি মূল্য আদায়, মূল্য তালিকা না থাকা ও বিষ্ফোরক লাইসেন্স ছিল না। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় নূর এলপিজি মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে এই অপরাধগুলো সংশোধন করার জন্য সর্তক করে দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
