
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৩টায় ইউনিয়ন বিএনপির সভাপতি কালাম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দারু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-০৩ (সদর–বিজয়নগর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, আলহাজ্ব মনির হোসেন, মাইনুল হোসেন চপল, জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ। এছাড়া বক্তব্য দেন বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি জমির দস্তগীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বোখারী মোল্লা, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোলায়মান হোসেন জুয়েল, আজিম খান, সাইনুর রহমান হৃদয়, মীর তানভিরসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল বলেন, “১৯৮৬ সালের নির্বাচন থেকে শুরু করে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, এক-এগারো এবং ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলেও বেগম খালেদা জিয়া আপোষহীনতার যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা দেশের মানুষের হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে নিয়েছে। ইতিহাসে এটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে।” তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে বিশেষ দোয়া কামনা করেন।
আসন্ন নির্বাচনকে ‘সংগ্রাম’ উল্লেখ করে তিনি বলেন, “আমাদের নেতাকর্মীদের মনোভাবের পরিবর্তন আনতে হবে। যদি আমরা আওয়ামী লীগের মতো আচরণ করি, তবে আমাদের অবস্থাও তাদের মতো হবে। মানুষের সঙ্গে খারাপ আচরণ করলে তার মূল্য দিতে হবে। তাই ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে।”
এসময় তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতির কথাও তুলে ধরেন। তিনি জানান মনিপুর বাজার–আতকা পাড়া সড়কের কাজ চলমান, চান্দুরা–চম্পকনগর সড়কের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং চম্পকনগর–শিঙ্গারবিল সড়কের কাজের টেন্ডার অল্প সময়ের মধ্যে হবে।
পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়।