The voice of Brahmanbaria || Local news means the world is

বিজেশ্বরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ হাজার ২ শত ফুট অবৈধ গ্যাস সংযোগ পাইপ বিচ্ছিন্ন এবং ৩ হাজার ফুট পাইপ লাইন অকার্যকর করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

বুধবার (২৯ শে অক্টোবর) বেলা ১১টায় সদর উপজেলার বিজেশ্বর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক, কুমিল্লা প্রধান কার্যালয়ের ভিজিলান্স টিমের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী জাহাঙ্গীর বাদশা।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকার সুযোগে অসাধু চক্র জেলা শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে নিয়মিত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চালায় বাখরাবাদ কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে বিজেশ্বর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ হাজার ২ শত ফুট গ্যাসের পাইপ উচ্ছেদ এবং পৃথক তিনটি জায়গায় ৩ হাজার ফুট অবৈধ পাইপ লাইনে সিমেন্ট ঢুকিয়ে অকার্যকর করা হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করার কিছুদিনের মধ্যেই আবারও কিছু অসাধু চক্র নতুন করে অবৈধ সংযোগ দেয়। এর ফলে সম্পূর্ণভাবে অবৈধ সংযোগ বন্ধ করা যাচ্ছে না। তবে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে ধারাবাহিক অভিযান চলতেই থাকবে বলে জানান তিনি।

Exit mobile version