The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক দুটি অভিযানে ১৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ থেকে ৪ জন পালিয়ে গেছে।
পুলিশ জানায়, রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। বিজয়নগর থানার এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নৈদার চান দাশের (৬২) বসতবাড়ি থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় নৈদার চান দাশকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নৈদার চান দাশ কাশিনগর এলাকার মৃত নীল কান্ত দাশ ও মৃত কাদু বালা দাশের ছেলে।
পরে রাত ১টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালপুর এলাকায় অভিযান চালানো হয়। এসআই বাপন চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিজয়নগর-আউলিয়া বাজারগামী পাকা সড়কের পাশে শান্তামুড়া গ্রামগামী কাঁচা রাস্তার মাথা থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। তাদের কাউকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, পৃথক দুটি ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। দুটি মামলাই ৩১ আগস্ট দায়ের করা হয়েছে।
তিনি বলেন, উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
Exit mobile version