The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে লুডু খেলার বিরোধের জেরে হামলায় একজন নিহত

জিয়াদুল হক বাবু : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই শিশুর লুডু খেলাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় হামদু মিয়া (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে হামদু মিয়ার ছেলে নীরব (১১) ও একই গ্রামের আবুল ইসলামের ছেলে ইয়াসিন (১২) লুডু খেলাকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াসিনের মাথা ফেটে যায় বলে অভিযোগ রয়েছে।
এর জেরে শনিবার সকালে আবুল ইসলামের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলার সময় হামদু মিয়া বুকে বল্লমের আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার ছেলে হাসান (৮) গুরুতর আহত হয়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় লিটন মিয়া, এরশাদ, রেজু বেগম, ফারুক মিয়া, ইসলাম মিয়াসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে দুই শিশুর লুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সংঘর্ষ হয়। নিহত হামদু মিয়া পাইকপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Exit mobile version