The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে পাথরের নিচে মিলল ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাথরবোঝাই একটি ট্রাক থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিনব কায়দায় পাথরের নিচে এসব শাড়ি লুকিয়ে ঢাকায় নেওয়া হচ্ছিল।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়িসহ ট্রাকটি জব্দ করেন সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) সদস্যরা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরাইল ব্যাটালিয়নের অধীন ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে ট্রাকে বহন করা পাথরের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৯২৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। পরে শাড়িসহ ট্রাকটি জব্দ করে বিজিবি।
বিজিবির তথ্যমতে, জব্দ করা ভারতীয় শাড়ি ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৭৫ হাজার ৫০০ টাকা। জব্দ করা শাড়ি ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত দিয়ে চোরাচালানি পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Exit mobile version