বিজয়নগর উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দুপক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে; এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে সাবেক দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়,গত শনিবার স্থানীয় বাজারে সাবেক চেয়ারম্যান আক্তার গ্রুপের এনাম ও বকুল গ্রুপের রুবেলের মধ্যে কথা-কাটাকাটির জেরে প্রথমে সংঘর্ষের সূত্রপাত। পরে বাড়িতে ফিরে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় পক্ষের ঘর বাড়ি ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
সেই ঘটনার জের ধরে রোববার সকাল ৭টা থেকে দুই পক্ষের লোকজন পুনরায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সকাল ১০টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে থেমে কয়েক দফায় চলা এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে জেলা পুলিশ লাইন থেকে ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
