ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাছ কাটার করাত চুরির সন্দেহে শাহীন মিয়া (২৯) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁ-ধে পি-টি-য়ে হ-ত্যা-র ঘটনায় উমর আলী (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
সোমবার (১৬ নভেম্বর) এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার (১৫ নভেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জিলানী পেট্রোল পাম্পের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার উমর আলী বিজয়নগর উপজেলার নিদারাবাদ গ্রামের কাসুম আলীর ছেলে। তিনি এ হত্যা মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি।
এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত শাহীন মিয়া বিজয়নগর উপজেলার নিদারাবাদ চৌধুরী মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি বিভিন্ন স্থান থেকে খালি বোতল ও ভাঙারি মালামাল সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
ঘটনার আগে গাছ কাটার করাত চুরির ঘটনাকে কেন্দ্র করে আসামিরা শাহীনকে সন্দেহ করেন। তাঁকে চোর আখ্যা দিয়ে গালিগালাজ করলে শাহীন প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাঁর ওপর হামলা চালান।
এ ঘটনায় নিহতের ভাই রাসেল বাদী হয়ে বিজয়নগর থানায় হত্যা মামলা করেন। মামলার আসামিদের গ্রেপ্তারে এসআরবি ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উমর আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার বিবরণ ও সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে বিজয়নগর উপজেলার নিদারাবাদ দেওয়ান বাজারসংলগ্ন এলাকায় আসামিদের করাতকলের সামনে শাহীনকে একা পেয়ে পথরোধ করে আটক করা হয়। পরে তাঁকে একটি গাছের সঙ্গে বেঁ-ধে লোহার রড, শাবল, দা ও কাঠের রুল দিয়ে এলোপাতাড়ি মা-র-ধ-র করা হয়। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জ-খ-ম হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।
পরে তাঁকে ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। এরপর তাঁকে ঢাকার রামপুরা এলাকার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর রাত ৯টা ৫৩ মিনিটে শাহীন মিয়ার মৃত্যু হয়।
