ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মোছা. সাইমা আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাকে ঘরের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) রাত ৯টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আকবর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাইমা আক্তার আখাউড়া উপজেলার কোড্ডা গ্রামের লেবাননপ্রবাসী মো. মোশাররফ মিয়ার মেয়ে। তিনি বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামে তার নানাবাড়িতে থেকে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টির সময় সাইমা তার শোবার ঘরে প্রবেশ করে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে চম্পকনগর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের আলনার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় সাইমাকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এক স্কুলছাত্রীর মরদেহ গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।
