The voice of Brahmanbaria || Local news means the world is

বিএনপি প্রার্থী মান্নানের সাথে ভাইরাল হওয়া সেই গানম্যান যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিএনপি প্রার্থীর সঙ্গে প্রবাসি এক ব্যবসায়ীর রাখা গানম্যানের (অস্ত্রসহ) ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় ওই গানম্যানকে অবশেষে অস্ত্রসহ গ্রেপ্তার করা হযেছে। তবে প্রবাসি ওই ব্যবসায়ীকে প্রথমে আটক করা হলেও, পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার টিয়ারা থেকে যৌথবাহিনী ওই দু’জনকে প্রথমে আটক করে। এ ঘটনায় নবীনগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট এম এ মান্নান রবিবার উপজেলার পূর্বাঞ্চলে নির্বাচনী জনসভা শেষে নবীনগরে ফিরছিলেন। সেসময় ধানের শীষের সমর্থক উপজেলার পূর্বাঞ্চরের টিয়ারা গ্রামের অধিবাসি প্রবাসী ধণাঢ্য ব্যবসায়ী আতিকুর রহমান শিশু তার গানম্যান (অস্ত্রধারী) গোপালগঞ্জের বাসিন্দা কেরামত আলীকে নিয়ে এম এ মান্নানের পাশেই অবস্থান করতে দেখা যায়।
এলাকাবাসি জানান, বিএনপি প্রার্থীর সাথে শিশু মিয়ার গানম্যানসহ তোলা একটি ছবি তখন ধানের শীষের প্রতিপক্ষরা ফেসবুকে পোস্ট দেয়। মুহুর্তেই সেই ছবি ফেসবুকে ভাইরাল হয়।
পরে বিষয়টি প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের নজরে এলে, নবীনগর সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর সানিউল আলমের নেতৃত্বে সেনাসদস্যরা আজ সোমবার বেলা ১১ টার দিকে প্রবাসি ব্যবসায়ী আতিকুর রহমান শিশু মিয়া ও তার গানম্যানকে টিয়ারা থেকে আটক করে নবীনগর থানায় সোপর্দ করেন।
পুলিশ জানায়, খবর পেয়ে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে ইসি কর্তৃক গঠিত নির্বাচন অনুসন্ধ্যান ও বিচারিক কমিটির প্রধান আখতার জাবেদ নবীনগর থানায় ছুটে আসেন। পরে গানম্যান কেরামত আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নিয়ে তাকে জেলে এবং প্রবাসি ব্যবসায়ী শিশু মিয়ার ‘মুচলেকা’ রেখে তাকে ছেড়ে দেয়া হয়।
নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন,’অস্ত্রটি বৈধ হলেও, এসময়ে প্রকাশ্যে অস্ত্র বহনের কোন অনুমতি ওই গানম্যানের ছিল না। তাই অস্ত্র আইনে মামলা নিয়ে গানম্যানকে জেলে ও প্রবাসি ব্যবসায়ী শিশু মিয়ার ‘মুচলেকা’ নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’
Exit mobile version