The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ প্রার্থী চেয়ারম্যান


ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১১টিতে আগামী ২৮ নভেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। তবে, ভোটের আগেই সেখানকার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ জনের মধ্যে ৭ জনই আ. লীগের মনোনীত প্রার্থী। বাকি একজন স্বতন্ত্র প্রার্থী।

নির্বাচন কর্মকর্তা জানান, ঘোষিত তফসিল অনুসারে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ দিন ছিল ১১ নভেম্বর। শেষ দিনে ৮টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় তারা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থীরা হলেন- ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মোহাম্মদ আমিনুল ইসলাম তুষার, উজানচর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কাজী জাদিদ-আল-রহমান জনি, দরিকান্দি ইউনিয়নে মো. সফিকুল ইসলাম, রূপসদী ইউনিয়নে আব্দুল হাকিম, পাহাড়িয়াকান্দি ইউনিয়নে গাজীউর রহমান, সোনারামপুর ইউনিয়নে মো. শাহীন মিয়া ও মানিকপুর ইউনিয়নে ফরিদ উদ্দিন আহম্মেদ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. জালাল আহমেদ ছলিমাবাদ ইউনিয়ন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের নথি অনুযায়ী, জালাল আহমেদ স্বতন্ত্র প্রার্থী হলেও তিনি মূলত আওয়ামী লীগের তৃণমূলের ভোটে প্রথম হয়েছিলেন। তিনি স্থানীয় ইউনিয়ন শাখা আওয়ামী লীগেরও সাংগঠনিক সম্পাদক।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮টি ইউনিয়ন ছাড়া বাকি তিন ইউনিয়ন যথাক্রমে- বাঞ্ছারামপুর সদর, ফরদাবাদ ও তেজখালীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, এই উপজেলার বাকি ২টি ইউনিয়ন- দরিয়াদৌলত ও আইয়ূবপুরে মেয়াদ পূর্ণ না হওয়ায় পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Exit mobile version