
ভারতীয় নায়িকা হলেও দীপিকার অভিনয় আর মিষ্টি হাসির ভক্ত ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। এবার তাঁর আরবের ভক্তরা রীতিমতো তহবিল গঠন করে প্রিয় নায়িকাকে বিশেষ একটি উপহার দিয়েছেন। দীপিকার সেই ফ্যান ক্লাবে আছেন প্রবাসী বাংলাদেশি ভক্তরাও। তাঁরা অর্থ সংগ্রহ করে বাংলাদেশের রাধানগর গ্রামে একটি নলকূপ স্থাপনের ব্যবস্থা করেন। গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে ভক্তরা এমন উদ্যোগ নিয়েছেন। ৬ জানুয়ারি টুইটারে দীপিকার আরব ফ্যান পেজ থেকে লাল টুকটুকে সেই নলকূপের কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ক্যাপশনে লেখা আছে, ‘দীপিকার জন্মদিনে আমাদের পক্ষ থেকে উপহার। একটি গ্রামে আমরা, আপনার আরবের ভক্তরা তহবিল সংগ্রহ করে এই পানির কূপ স্থাপন করেছি। আশা করি, আপনার ভালো লাগবে। শুভ জন্মদিন দীপিকা পাড়ুকোন।’
নলকূপের নামফলকএমন উদ্যোগে ভীষণ আনন্দিত দীপিকা পাড়ুকোন। টুইটারে তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ৮ জানুয়ারি তিনি লিখেছেন, ‘পৃথিবীকে একটি সুন্দর ও সুখী স্থান বানানোর জন্য আপনাদের এই মহৎ অবদান আমার হৃদয় ছুঁয়ে গেছে। জন্মদিনে এর চেয়ে সেরা উপহার আর কী হতে পারে! আপনাদের প্রতি আমার অশেষ ভালোবাসা। আপনাদের নিয়ে আমার গর্ব হচ্ছে।’