The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে গৃহবধূ হত্যা: নাতি-নাতবউ গ্রেপ্তার:: উদ্ধার লুণ্ঠিত স্বর্ণালংকার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি এলাকায় গৃহবধূ এরফানুর নেছা (৬০) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নিহতের নাতি মো. রাফি আহাম্মেদ (২৫) ও তার স্ত্রী মুনিয়া আফরিন ওরফে শাহানাজ বেগম (১৫)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ছয়ফুল্লাকান্দি উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকাল ৭টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার ছয়ফুল্লাকান্দি উত্তরপাড়ায় নিজ বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে রক্তাক্ত অবস্থায় এরফানুর নেছার মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা।
ঘটনার পর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তিনি স্ট্রোক করে পড়ে গিয়ে ঘরে থাকা ফ্রিজের সঙ্গে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। তবে ঘটনাস্থলে গিয়ে পারিপার্শ্বিক আলামত এবং মরদেহে আঘাতের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের নাতি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের খোয়া যাওয়া ১ ভরি ১৫ আনা ৩ রতি ওজনের দুটি স্বর্ণের বালা এবং ৫ আনা ৯ পয়েন্ট ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
Exit mobile version