The voice of Brahmanbaria || Local news means the world is

বাংলাদেশি সেই কিশোরের লাশ ফেরত দিল বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশ থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি কিশোর শাকিলের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আখাউড়া-ত্রিপুরা সীমান্তের সানমুড়া এলাকার ২০২২-৯এস সীমান্ত পিলার দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে লাশটি হস্তান্তর করা হয়।
নিহত শাকিল আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাহপুর পূর্বপাড়ার মালু মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত বুধবার রাত সাড়ে ১২টার পর থেকে শাকিল নিখোঁজ ছিলেন। তার বাবা মালু মিয়া জানান, শাকিল মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বিজিবি ফকিরমুড়া ক্যাম্প কমান্ডার নিরাময় চাকমা জানান, সীমান্তের সানমুড়া এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে কিশোরের লাশ পড়ে থাকতে দেখে বিএসএফের নজরে আসে। শনিবার সন্ধ্যার পর বিএসএফের মাধ্যমে খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সম্পর্কে খোঁজ নেন।
পরে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের পর ভারতীয় অংশে গিয়ে লাশ উদ্ধার করা হয়। ত্রিপুরার লঙ্কামুড়া বিএসএফ ক্যাম্পের সদস্য ও আগরতলা পশ্চিম থানার পুলিশ রাত ২টার দিকে লাশটি উদ্ধার করে। পরে আগরতলা পশ্চিম থানা পুলিশ ময়নাতদন্ত সম্পন্ন করে।
রোববার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শাকিলের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ‘শাকিলের লাশ ফেরত দিয়েছে বিএসএফ।’
তবে শাকিলের লাশ কীভাবে সীমান্তের ওই স্থানে পৌঁছেছে এবং তার মৃত্যুর কারণ কী—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
Exit mobile version